দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিপুল সংখ্যক আইনপ্রণেতার সমর্থনে আবারও ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বাঘের গালিবাফ। সোমবার (২৫ মে) সকালে দেশটির আইনসভার তৃতীয় বার্ষিক অধিবেশনে সভাপতিমণ্ডলীর নির্বাচন অনুষ্ঠিত হয়।
ইরানি সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’ জানিয়েছে, স্পিকার পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোহাম্মদ বাঘের গালিবাফ, হোজ্জাতোলেসলাম মোহাম্মদ তাকি নাকদালি এবং ওসমান সালারি।
ভোটাভুটিতে ২৭১ জন আইনপ্রণেতার মধ্যে ২৩৫ ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন গালিবাফ। তার প্রতিদ্বন্দ্বী নাকদালি পান ২৯ ভোট এবং সালারি পান ৭ ভোট।
এর আগে ১১তম পার্লামেন্টের পুরো চার বছর এবং ১২তম পার্লামেন্টের প্রথম দুই বছর স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন গালিবাফ।
ইরান পার্লামেন্টের সভাপতিমণ্ডলীতে মোট ১২টি পদ রয়েছে। এর মধ্যে একটি স্পিকারের, দুটি ভাইস স্পিকারের, ছয়টি সচিবের এবং তিনটি পর্যবেক্ষকের পদ।
এছাড়া পার্লামেন্টে ১৩টি বিশেষায়িত কমিটি রয়েছে। প্রতিটি কমিটিতে একজন চেয়ারম্যান, দুজন উপ-চেয়ারম্যান, একজন মুখপাত্র এবং দুজন সচিবসহ ছয় সদস্যের পৃথক সভাপতিমণ্ডলী থাকে।
পার্লামেন্টের সভাপতিমণ্ডলীর সদস্যরা সরাসরি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। অন্যদিকে বিশেষায়িত কমিটিগুলোর সভাপতিমণ্ডলী সংশ্লিষ্ট কমিটির সদস্যদের ভোটে এক বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন।
এমএস/